শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি
শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

মুক্তমন রিপোর্ট : প্রায় নয় মাস পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘ সময় চিকিৎসা ও বিশ্রামে ছিলেন তিনি।

ফেব্রুয়ারিতে তানিয়ার মস্তিষ্কের টিউমার অপসারণে অস্ত্রোপচার করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী।

এরপর থেকে চিকিৎসা ও বিশ্রামে ছিলেন তানিয়া। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে এক ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া। তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। পাশাপাশি চিকিৎসাও চালিয়ে যাচ্ছেন।

চিকিৎসার বিষয়ে তানিয়া জানান, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে তিন মাস শেষ হয়েছে এবং চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে। আরও দুই মাস চিকিৎসা শেষে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসা কী হবে, তা চিকিৎসকরা জানাবেন।

দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকলেও চলতি মাস থেকেই কাজে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তানিয়া। তিনি জানান, শুটিংয়ে ফেরার বিষয়ে কথাবার্তা চলছে। কাজ শুরু হলে বিষয়টি সবাইকে জানাবেন।

অভিনেত্রী বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং করতে পারেননি। এখনো পুরোপুরি সুস্থ না হলেও আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন এবং শারীরিক অবস্থা বিবেচনা করেই কাজে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন।

ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কথাও উল্লেখ করেন তানিয়া। অসুস্থতার সময়ে যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়ার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। এতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

Muktomon/TA