গরিব ছেলে পছন্দ ছিল প্রভার

পডকাস্টে ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
পডকাস্টে ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

মুক্তমন রিপোর্ট : অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয়ে তুলনামূলক অনিয়মিত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সক্রিয় তিনি। বিভিন্ন পোস্ট ও বক্তব্যের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ, শৈশব ও বেড়ে ওঠার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানেই নিজের অতীতের একটি পছন্দের কথা জানিয়ে তিনি বলেন, একসময় তার গরিব ছেলেদের প্রতি আলাদা ধরনের আকর্ষণ ছিল।

প্রভা বলেন, একসময় তার পছন্দ ছিল এমন ছেলেরা, যারা জীবনে অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কারও জীবনের কষ্ট ও সংগ্রামের কথা শুনলে সেটি তাকে প্রভাবিত করত।

শৈশবের অভিজ্ঞতার কথা
পডকাস্টে নিজের বেড়ে ওঠার সময়ের কথাও তুলে ধরেন প্রভা। তিনি জানান, ছোটবেলায় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছ থেকে অনেক আদর-যত্ন পেয়েছেন। এ কারণে তার পরিপক্বতা কিছুটা দেরিতে এসেছে বলে মনে করেন তিনি।

প্রভা বলেন, একটা সময় তিনি খুব লাজুক ছিলেন এবং স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। এমনকি কথা বলার সময় আমতা আমতা করতেন, ফলে অনেক সময় তার বক্তব্য পুরোপুরি বোঝাও যেত না।

অভিনয়ে আসার পর ধীরে ধীরে মানুষের সামনে স্পষ্টভাবে কথা বলা এবং নিজের ভাবনা প্রকাশ করার অভ্যাস তৈরি হয়েছে বলেও জানান তিনি।

নতুন সিনেমায় প্রভা
পর্দায় নিয়মিত না থাকলেও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভা। সম্প্রতি দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

এর মধ্যে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমার বেশ কিছু অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া প্রভার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

সূত্র: এমআইকে

Muktomon/TA