মুক্তমন রিপোর্ট : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, গার্মেন্টস শিল্প, চলমান লংমার্চ কর্মসূচি এবং সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে নিজেদের অবস্থানও তুলে ধরেন ডা. শফিকুর রহমান।
প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব লিখিতভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাংবাদিকদের কোনো সংগঠন বা কাঠামো থাকলে তার মাধ্যমে সমস্যাগুলো উপস্থাপন করা হলে সেগুলো নিয়ে কাজ করা সহজ হবে। সাংবাদিকদের বেতন-ভাতা ও অন্যান্য অধিকার নিয়েও সংসদের ভেতরে ও বাইরে কথা বলার আশ্বাস দেন তিনি।
গণমাধ্যমকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। তিনি গণমাধ্যমকে তথ্য যাচাই করে সত্য তুলে ধরার আহ্বান জানান।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন জাতীয় ইস্যুতে বিরোধী দলের বক্তব্য ও নোটিশ আলোচনার জন্য পর্যাপ্ত সুযোগ পাওয়া যায় না। তাঁর দাবি, সংসদে বিরোধী দলের বক্তব্য গুরুত্ব না পাওয়ার কারণেই তারা রাজপথের কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন খাতে পড়ছে। এ বিষয়ে জনস্বার্থের বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকেও কথা বলার আহ্বান জানান তিনি।
লংমার্চ নিয়ে সমালোচনার জবাবে জামায়াত আমির দাবি করেন, তাঁদের কর্মসূচির দাবিগুলো কোনো একক দলের নয়, বরং জনগণের দাবি। তিনি বলেন, কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পালন করার কথা জানানো হয়েছে।
লংমার্চের আগে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগ প্রসঙ্গে শফিকুর রহমান দাবি করেন, কোনো দল নিজেদের কর্মসূচি বানচাল করতে এমন কাজ করবে না। তিনি এ ধরনের ঘটনার জন্য বিরোধী দলের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাখ্যান করেন।
এর আগে সাংবাদিকদের উদ্দেশে তিনি গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের বক্তব্য তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কর্মসূচির তথ্য গণমাধ্যমকে আগে দেওয়ার বিষয়ে দলীয় মিডিয়া বিভাগকে উদ্যোগ নেওয়ার কথা জানান।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন জামায়াতে ইসলামীর আমির।
Muktomon/TA