হালান্ডের জয়সূচক গোলটি নিয়ে বিতর্ক

ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের বিতর্কিত জয়সূচক গোল উদযাপন
ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের বিতর্কিত জয়সূচক গোল উদযাপন

মুক্তমন রিপোর্ট : ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিতভাবে দেওয়া আর্লিং হালান্ডের জয়সূচক গোলটি আসলে বাতিল করা উচিত ছিল বলে স্বীকার করেছে ইংল্যান্ডের পেশাদার ম্যাচ কর্মকর্তাদের সংগঠন প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস (প্রো রেফ)।

রোববার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচে মাত্র একটি গোল হয়েছিল। ম্যাচের প্রায় এক ঘণ্টার মাথায় জোসকো জিভার্দিওলের দিক পরিবর্তিত ক্রস থেকে পেছনের পোস্টে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন হালান্ড।

তবে গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করেন সহকারী রেফারি। পরে দীর্ঘ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

ভিএআর পর্যালোচনায় দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিক ডোরগুর বাড়িয়ে দেওয়া পায়ের কারণে হালান্ড অল্পের জন্য অনসাইডে ছিলেন। তবে একই সময়ে অফসাইড অবস্থানে থাকা এনজো ফার্নান্দেস বল স্পর্শ না করায় তাকে খেলার ওপর প্রভাব ফেলেছেন কি না, সেটিই হয়ে ওঠে মূল প্রশ্ন।

প্রিমিয়ার লিগের পক্ষ থেকে ম্যাচের পর জানানো হয়েছিল, ভিএআর প্রযুক্তি পর্যালোচনা করে হালান্ডকে বৈধ অবস্থানে থাকার বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি ফার্নান্দেস বল খেলেননি বলেও উল্লেখ করা হয়। ফলে গোলটি বহাল রাখার সুপারিশ করা হয়েছিল।

তবে কয়েক ঘণ্টা পর হাওয়ার্ড ওয়েবের নেতৃত্বাধীন প্রো রেফ নিজেদের সিদ্ধান্তের ভুল স্বীকার করে। সংগঠনটি জানায়, ফার্নান্দেসের অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণে প্রভাব ফেলেছিল। তাই গোলটি বাতিল করা উচিত ছিল।

প্রো রেফের এক মুখপাত্র বলেন, মাঠের রেফারি প্রথমে হালান্ডকে অফসাইড ঘোষণা করেছিলেন। পরে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, হালান্ড বৈধ অবস্থানে ছিলেন। একই আক্রমণে ফার্নান্দেস বল স্পর্শ করেননি—এটিও নিশ্চিত করা হয়।

তবে মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ফার্নান্দেসের অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণে কী ধরনের প্রভাব ফেলেছিল, তা ভিএআর যথাযথভাবে বিবেচনায় নিতে পারেনি। এ কারণে মাঠের রেফারিকে সিদ্ধান্তটি পুনরায় পর্যালোচনার সুপারিশ করা উচিত ছিল।

প্রো রেফের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এটিকে বিচার-বিবেচনার ভুল হিসেবে স্বীকার করা হয়েছে। ঘটনাটি পরবর্তীতে পর্যালোচনা করা হবে।

এদিকে রেফারিং সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞ স্প্যানিশ সংবাদমাধ্যম ‘আরকিভো ভিএআর’ হালান্ডের গোল বহাল রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছে।

Muktomon/TA