মুক্তমন রিপোর্ট : শিক্ষাখাতের উন্নয়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ ও দেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালুর সম্ভাবনা যাচাই করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন মন্ত্রী।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে বিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়নেও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে অতীতে যাঁরা উন্নয়নমূলক কাজ করেছেন, তাঁদের অবদান ও প্রাপ্য সম্মান অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, সেখান থেকে কার্গো বিমান চালুর মাধ্যমে বিদেশে দেশীয় মাছ রপ্তানি করা যায় কি না, তা নিয়ে কাজ করা হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর চালুর জন্য পর্যাপ্ত জায়গা ও জনবল প্রয়োজন। তাই প্রাথমিকভাবে রাজশাহী থেকে কার্গো বিমান চালুর সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়টি বিবেচনায় রয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহীর তত্ত্বাবধানে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মিত ছয়তলা ভবনটিতে পয়োনিষ্কাশন, পানি সরবরাহ ও বৈদ্যুতিক সুবিধা রয়েছে। ভবনটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৩১ লাখ ৩ হাজার ২০০ টাকা।
২০২৪ সালের ২০ মে প্রকল্পটির কার্যাদেশ দেওয়া হয়। ২১ মাসের নির্ধারিত মেয়াদে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। নতুন ভবন চালুর ফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA