মুক্তমন রিপোর্টার : ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নেমে এসেছিল বড় এক কলঙ্ক। বল টেম্পারিংয়ের সেই ঘটনা ক্রিকেটবিশ্বে ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নামে পরিচিত। প্রায় আট বছর পর সেই ঘটনার পর প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আর এবারের সফরে থাকছেন সেই বিতর্কিত অধ্যায়ের সাক্ষী ছয় ক্রিকেটার।
২০১৮ সালের সেই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। এবার তিনি দলের সহঅধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। সরাসরি বল টেম্পারিংয়ে জড়িত না থাকলেও ঘটনাটির সময় দলের সদস্য হিসেবে থাকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন ও মিচেল স্টার্কও এবার ফিরছেন দক্ষিণ আফ্রিকায়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে ২০১৮ সালের কলঙ্কিত সফরের সঙ্গে সংশ্লিষ্ট মোট ছয়জন রয়েছেন।
এই ছয়জনের মধ্যে আরেকজন ম্যাথু রেনশ। তবে তিনি মূল সফরের স্কোয়াডে ছিলেন না। পরবর্তীতে নিষিদ্ধ খেলোয়াড়দের অনুপস্থিতিতে জোহানেসবার্গে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।
২০১৮ সালের সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সিরিজের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কেপটাউনের বল টেম্পারিং কাণ্ড।
স্যান্ডপেপার ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তনের ঘটনায় সরাসরি জড়িত থাকার কারণে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পান। ঘটনাটি জানার পরও তা প্রকাশ না করায় অধিনায়ক হিসেবে দায়িত্বে গাফিলতির অভিযোগে শাস্তি পান স্টিভ স্মিথ। তিন ক্রিকেটারকেই বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল।
এবারের সফরে সেই নিউল্যান্ডসেই আবার খেলবে অস্ট্রেলিয়া। তিন টেস্ট সিরিজের শেষ ম্যাচটি হবে ২৭ অক্টোবর কেপটাউনে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর ডারবানে। দ্বিতীয় টেস্ট হবে ১৮ অক্টোবর গেবেরহাতে।
ফলে প্রায় আট বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে ফিরলেও অস্ট্রেলিয়া দলের কয়েকজন ক্রিকেটারের জন্য সফরটি পুরোনো এক দুঃসহ স্মৃতিও ফিরিয়ে আনতে পারে।
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।