অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান নয়

তেজগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
তেজগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মুক্তমন রিপোর্ট : দেশে নতুন কোনো যৌথ বাহিনী গঠন বা অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর চিন্তাভাবনাও করা হচ্ছে না।

তিনি বলেন, অপরাধ দমন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাহিনীর সদস্যদের জন্য নতুন সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে ডরমিটরির ব্যবস্থা করা হবে। তাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে কোনো ‘অপশক্তি’ অস্থিতিশীলতা তৈরি করতে পারবে বলে সরকার মনে করে না।

Muktomon/TA