কোয়ার্টার ফাইনালে বৃষ্টি হলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা
এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা

মুক্তমন রিপোর্ট : র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মুখোমুখি হবে তাওহীদ হৃদয়ের দল। জাপানের নাগোয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

এশিয়ান গেমসের ক্রিকেটের সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে নাগোয়ার নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে। তবে ওই এলাকায় চলতি মাসজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালসহ পরবর্তী ম্যাচগুলোতেও বৃষ্টির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। সে ক্ষেত্রে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

তবে সেমিফাইনালে একই পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের জন্য সমীকরণ ভিন্ন। সম্ভাব্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাকিস্তান পাবে এবং বাংলাদেশকে বিদায় নিতে হবে।

অর্থাৎ কোয়ার্টার ফাইনালে বৃষ্টি বাংলাদেশের জন্য সুবিধা বয়ে আনলেও সেমিফাইনালে একই পরিস্থিতি দলটির জন্য হয়ে উঠতে পারে বিপরীত।

Muktomon/TA