মুক্তমন রিপোর্ট : জাতীয় দলের ব্যস্ততা শেষে মাঠে ফিরেছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপে জয় দিয়ে আসর শুরু করেছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে তিন পয়েন্ট করে পেয়েছে দুই দল। অন্যদিকে পুলিশ এফসি ও সিটি ক্লাবের ম্যাচটি ড্র হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারায় বসুন্ধরা কিংস। একই দিনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পুলিশ এফসি ও সিটি ক্লাবের ম্যাচটি শেষ হয় ১-১ গোলে।
ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বসুন্ধরা কিংস। দলের হয়ে জোড়া গোল করেছেন মিডফিল্ডার সাব্বির হোসেন। বাকি তিন গোল করেছেন রবসন, আলমগীর মোল্লা ও মোহাম্মদ আবদুল্লাহ।
লিগে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করেছিল কিংস। তবে ফেডারেশন কাপে বড় জয় দিয়ে শুরু করায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি।
অন্যদিকে মোহামেডানের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটেই গোল করে আরামবাগকে এগিয়ে দেন ঘানার মিডফিল্ডার সুরাজ রাইয়িস। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র পাল্টে দেয় সাদা-কালোরা। ৫৭ মিনিটে সৌরভ দেওয়ানের গোলে সমতায় ফেরে মোহামেডান। এরপর ৭৪ মিনিটে মোহাম্মদ সোহেল রানা গোল করে দলকে এগিয়ে দেন। ইনজুরি সময়ে সুলেমান দিয়াবাতের গোল নিশ্চিত করে মোহামেডানের ৩-১ ব্যবধানের জয়।
অন্য ম্যাচে পুলিশ এফসি ও সিটি ক্লাব ১-১ গোলে ড্র করায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।
Muktomon/TA