আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন

ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বক্তব্য রাখছেন ইশরাক হোসেন
ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বক্তব্য রাখছেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৬ আসনের মাদক, যানজট, ফুটপাত দখল, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটসহ বিভিন্ন সমস্যার কথা ঢাকা জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এসব সমস্যা তুলে ধরেন। বৈঠকে ঢাকা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে বর্তমানে মাদকের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটছে বলে তিনি বৈঠকে জানান। এ সময় গেন্ডারিয়া, ঘুঁটিগড় ও মুনসিরটেকসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি তুলে ধরেন তিনি।

এ ছাড়া দখল হয়ে যাওয়া ফুটপাত, যত্রতত্র বাস ও অন্যান্য যানবাহন থামানো এবং এর ফলে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের বিষয়েও তিনি আলোচনা করেন।

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সদরঘাটের বিভিন্ন সমস্যা ছাড়াও কাপ্তানবাজার ও মুরগিপট্টি এলাকার পরিস্থিতির কথা বৈঠকে তুলে ধরেন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য।

বৈঠকে ইশরাক হোসেন আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এসব বিষয়ে পুলিশকে অবহিত করার পরও সংশ্লিষ্ট থানাগুলো থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে তুলে ধরেন তিনি।

বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ম্যাজিস্ট্রেট, সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Muktomon/TA