মুক্তমন রিপোর্টার : নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিল—“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই সমাজ গঠন ও জনকল্যাণ নিশ্চিত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। সাক্ষরতা মানুষকে সচেতন করে, চিন্তাশক্তির বিকাশ ঘটায় এবং একটি জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে সহায়তা করে। শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ