মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে ভরা একটি রাত কাটিয়েছেন ঢাকাই শোবিজের চার পরিচিত মুখ। তারা হলেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা। ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নিয়ে পুরস্কার অর্জনের আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা।
গত ১০ অক্টোবর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’। অনুষ্ঠানে চার তারকাই পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে। পরে পুরস্কারের ট্রফি হাতে নিয়ে শহরের ঝলমলে রাতের আলোয় একসঙ্গে ছবি তোলেন তারা।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতি জানিয়েছেন সামিরা খান মাহি। তিনি লেখেন, নিউ ইয়র্ক সিটির একটি রাত ছিল অর্জন, বন্ধুত্ব ও সুন্দর স্মৃতি উদযাপনের মুহূর্ত। ভিন্ন একটি শহরে পুরস্কার পাওয়া এবং সেই আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়া তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। হাসি-আনন্দে ভরা রাতটি অনেক দিন মনে থাকবে বলেও জানান তিনি।
একই মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তমা মির্জাও। ক্যাপশনে তিনি বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ এবং নিজেদের অর্জন উদযাপনের কথা তুলে ধরেন। বন্ধুদের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর মতে, কিছু বন্ধুত্ব পথচলাকে আরও অর্থবহ করে তোলে।
তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলার বন্ধুত্ব দীর্ঘদিনের। দেশে বিভিন্ন সময় তাদের একসঙ্গে আড্ডা দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বন্ধুত্বের নানা মুহূর্ত তুলে ধরেন তারা।
অন্যদিকে, নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একাধিক প্রকল্পে অভিনয় করেছেন তমা মির্জা। কাজের সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে বলেও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। নিউ ইয়র্কে পুরস্কার হাতে চার তারকার এই আনন্দঘন মুহূর্ত ভক্তদের কাছেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
Muktomon/TA