মুক্তমন রিপোর্ট : জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্থাপিত স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে প্রধানমন্ত্রী ডিএনসিসির স্টল পরিদর্শন করেন।
এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস প্রধানমন্ত্রীকে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং কার্যক্রমে ব্যবহৃত কার্যকরী উপকরণ সম্পর্কে অবহিত করেন।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে। ২৪টি দলে ভাগ হয়ে ডিএনসিসির প্রায় ১ হাজার ৫০০ সদস্য বাড়ি বাড়ি পরিদর্শন, এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, সোর্স রিডাকশন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এদিন থেকে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমও শুরু হয়েছে। এর আওতায় অঞ্চল-৫-এর সংসদ ভবন ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এই বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। বিশেষভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল এবং পূর্বে শনাক্ত হটস্পটগুলোকে এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ডিএনসিসি জানিয়েছে, এবারের কার্যক্রমে শুধু মশক নিধনের ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, উৎস ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে সোর্স রিডাকশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাড়ি, অফিস ও আশপাশে পানি জমে থাকতে না দেওয়া এবং সম্ভাব্য এডিস প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
Muktomon/TA