ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারল বাংলাদেশ

 ইন্দোনেশিয়ার বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে খেলছে বাংলাদেশ ফুটবল দল
ইন্দোনেশিয়ার বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে খেলছে বাংলাদেশ ফুটবল দল

মুক্তমন রিপোর্ট : ফিফা আসিয়ান কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে হেরে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছে জামাল ভূঁইয়া-হামজারা।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় দলটি। ফলে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামে থমাস ডুলির দল।

শুরুতে বাংলাদেশ গোছানো ফুটবল খেললেও ১১তম মিনিটে গোল হজম করে। ওলে রোমেনির পাস থেকে গোল করেন লে বেকার। ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এর ১২ মিনিট পর রিজকি রিদোর পাস থেকে ইন্দোনেশিয়া তৃতীয় গোল পায়। ৩৬তম মিনিটে সুকির ক্রস থেকে হেডে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখান শাহরিয়ার ইমন।

তবে এক মিনিট পরই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। এরপর ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে হাবনারের গোলে ৬-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্দোনেশিয়া।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণে উঠলেও গোলের ব্যবধান কমাতে পারেনি। ম্যাচের ৯০তম মিনিটে ভিকেরি ইন্দোনেশিয়ার সপ্তম গোল করেন। পরের মিনিটে ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

এরপর যোগ করা সময়ে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা। কেভিন ডিকসের পর শেষ গোলটিও করেন লে বেকার। ফলে ৯-২ গোলের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইন্দোনেশিয়া।

এই হারে তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে থেকে আসিয়ান কাপের মিশন শেষ করেছে বাংলাদেশ।

Muktomon/TA