মুক্তমন রিপোর্ট : বলিউড অভিনেতা ইমরান হাশমির সামনে শুটিং সেটে ক্রেন থেকে ছিটকে পড়ে একটি এসইউভি। অ্যাকশন দৃশ্য ধারণের সময় ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান অভিনেতা। তবে তিনি কোনো আঘাত পাননি।
সম্প্রতি শুটিংয়ের পেছনের দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে কর্মীরা একটি এসইউভি ঘোরানোর প্রস্তুতি নিচ্ছেন। এ সময় কাউন্টডাউন দেওয়ার পর আকাশে ক্রেনের সঙ্গে ঝুলে থাকা গাড়িটি উল্টে যায়। পরে সেটি নিচে থাকা একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে।
গাড়িটি ইমরান হাশমির মুখের খুব কাছাকাছি এসে পড়ায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শুটিং সেটে। আকস্মিক এ ঘটনায় উপস্থিত কর্মীরা অপ্রস্তুত হয়ে পড়েন এবং সাময়িকভাবে শুটিং ব্যাহত হয়।
জানা গেছে, অ্যাকশনধর্মী একটি ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই স্টান্ট ধারণ করা হচ্ছিল। তবে সামান্য যান্ত্রিক ত্রুটিও কীভাবে শুটিং সেটে বড় দুর্ঘটনার কারণ হতে পারে, তা এ ঘটনা আবারও সামনে এনেছে।
এ ঘটনায় ইমরান হাশমি অক্ষত রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে গাড়িটি ক্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, নাকি এটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল—তা নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুটিংয়ের নিরাপত্তা এবং অ্যাকশন দৃশ্য ধারণের সময় শিল্পীদের ঝুঁকি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
Muktomon/TA