মুক্তমন রিপোর্ট : দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা।
রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ।
প্রীতম হাসান তাঁর ফেসবুক পোস্টে জানান, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ১০ বছরের পথচলার পর তারা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।
শেহতাজও একই ধরনের বিবৃতি দিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে।
তাদের ভাষ্য, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়
প্রীতম জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা সিদ্ধান্তে পৌঁছেছেন।
তিনি বলেন, বর্তমানে তারা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান।
একই সঙ্গে এই পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
২০২২ সালে বিয়ে
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। এর আগে থেকেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের।
বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি শেয়ার করতে দেখা গেছে তাদের।
Muktomon/TA