মুক্তমন রিপোর্ট : দেশে যৌথ অভিযানের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে এসব কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তর নির্মাণের শুভারম্ভ ফলক উন্মোচন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার বাহিনীর নিজস্ব ও আধুনিক সদর দপ্তর নির্মাণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয় সদর দপ্তর নির্মাণের জন্য ৩ দশমিক ৪২৮ একর জমি বরাদ্দ দিয়েছে। খিলগাঁওয়ে বর্তমানে থাকা সদর দপ্তরের জায়গা অপরিসর হওয়ায় এবং যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা বিবেচনায় নতুন স্থানে বড় অবকাঠামো গড়ে তোলা হবে।
তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে।
কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে ডরমিটরি ও ব্যারাক নির্মাণসহ আশুলিয়া ও শেরেবাংলা নগরেও অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি তাদের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণের সরকারি অঙ্গীকারের কথাও জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ফৌজদারি মামলাও করা হচ্ছে।
ডিসেম্বর মাসে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়াকরণ করা হচ্ছে। পাশাপাশি রাস্তা খনন ও নির্মাণকাজের ক্ষেত্রে একসঙ্গে পুরো রাস্তা না কেটে ধাপে ধাপে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA