সচিবালয় স্টেশনে ঝুলন্ত তার, সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল

সচিবালয় মেট্রোরেল স্টেশনে ঝুলন্ত তারের কারণে সাময়িক বন্ধ মেট্রোরেল চলাচল
সচিবালয় মেট্রোরেল স্টেশনে ঝুলন্ত তারের কারণে সাময়িক বন্ধ মেট্রোরেল চলাচল

মুক্তমন রিপোর্টার : ঢাকার সচিবালয় মেট্রোরেল স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অজ্ঞাত তার ঝুলে থাকায় প্রায় ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় সাময়িক ভোগান্তিতে পড়েন মেট্রোরেলের যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন।

জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ওসিএস ক্যাবলের ওপর একটি তার ঝুলে থাকতে দেখা যায়। বিদ্যুতায়িত লাইনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে সংশ্লিষ্ট কর্মীরা ঝুলে থাকা তারটি অপসারণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে তারটি সরিয়ে ফেলা হয়।

তার অপসারণের পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে সচিবালয় স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়। বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।