আগামী বছরের জানুয়ারি-মার্চে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী
রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

‎পাংশা : আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

শুক্রবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ত. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষি ও মৎস্য খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় ১১৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে প্রকল্পটির কারিগরি সমীক্ষা শুরু হয়েছিল বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন। বর্তমান সরকার সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে। সাত বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত পদ্মা ব্যারেজের দৈর্ঘ্য হবে ২ দশমিক ১ কিলোমিটার। এতে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস গেট, একটি নেভিগেশন লক এবং দুটি ফিশ পাস থাকবে। ব্যারেজের ওপর একটি রেলওয়ে সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সাইট পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী