মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের মোখা ও ধুবাব এলাকায় হুতিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মোখা বন্দরের কাছে এবং শহরের জায়েদ আল-খারাজ শপিং মলের কাছে হুতিদের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
তার দাবি, এসব হামলায় হুতিদের ব্যবহৃত যানবাহন ও অস্ত্র ধ্বংস এবং কয়েকজন হুতি সদস্য নিহত হয়েছেন।
মোখায় পানি প্রকল্পের প্রশাসনিক কার্যালয়ের পাশেও হুতি সদস্যদের একটি অবস্থানে হামলা চালানো হয়েছে বলে জানান আল-নুজাইলি।
এ ছাড়া মোখা-ধুবাব সড়কের একটি পশু কোয়ারেন্টাইন কেন্দ্রে যানবাহন ও যোদ্ধাদের জড়ো হওয়ার স্থানেও হামলা চালানো হয়। স্থানটি মোখা শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে।
আল-নুজাইলি আরও বলেন, মোখার উত্তর রিং রোডে এক সাবেক সামরিক নেতার সাবেক সদর দপ্তরেও হুতি সদস্যদের একটি জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ইয়েমেনে ২০২২ সাল থেকে তুলনামূলকভাবে সংঘাত কম ছিল। এর আগে প্রায় ১২ বছর ধরে দেশটির সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যে যুদ্ধ চলে। সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থন পাওয়া সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও দেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়।
২০২৩ সালের শেষ দিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর আঞ্চলিক সংঘাতে হুতিদের সম্পৃক্ততা বাড়ে। তারা ইসরায়েল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। নতুন করে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ায় দেশটিতে পূর্ণমাত্রার যুদ্ধ ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
Muktomon/TA