পোল্যান্ড ও মিশরের চলচ্চিত্র উৎসবে ‘সাঁকোটা দুলছে’

 পোল্যান্ড ও মিশরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশি সিনেমা ‘সাঁকোটা দুলছে’র দৃশ্য।
পোল্যান্ড ও মিশরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশি সিনেমা ‘সাঁকোটা দুলছে’র দৃশ্য।

মুক্তমন রিপোর্ট : আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার বাংলাদেশের সিনেমার সাফল্য তুলে ধরছে তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’ (দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট)। পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ উৎসব এবং মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি।

এর আগে গত জুনে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার জেতে ‘সাঁকোটা দুলছে’। এবার পোল্যান্ডের উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ এবং চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।

পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ উৎসব শুরু হবে ৭ নভেম্বর, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে, মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। সেখানে শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড—স্পেশাল জুরি প্রাইজের জন্য প্রতিযোগিতা করবে এটি। কায়রো উৎসব চলবে ১১ থেকে ২০ নভেম্বর।

দুটি আন্তর্জাতিক উৎসবের একাধিক বিভাগে সিনেমাটি জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তাঁর প্রত্যাশা, এর মধ্য দিয়ে বাংলাদেশের গল্প ও চলচ্চিত্র নির্মাণের স্বতন্ত্র ধারা আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও পরিচিত হবে।

বাংলাদেশের মনপাচিত্র ও জার্মানির মগাদোর ফিল্ম যৌথভাবে প্রযোজনা করেছে ‘সাঁকোটা দুলছে’। সাদাকালোয় নির্মিত সিনেমাটিতে দৃশ্য বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, স্থির ও দীর্ঘ শট এবং গ্রামীণ জীবনের নিবিড় পর্যবেক্ষণ বিশেষ গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসরত তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো ও নানা বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বাঁচার পথ খোঁজে তারা।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ অনেকে।

Muktomon/TA