বিশ্ব ইজতেমা নিয়ে উভয় পক্ষকে সমঝোতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব ইজতেমা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বিশ্ব ইজতেমা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মুক্তমন রিপোর্ট : আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি তাবলীগ জামাতের উভয় পক্ষকে কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়িয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ইজতেমা আয়োজনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাতের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার আয়োজন ও তারিখ নিয়ে সাদপন্থী অংশের মুরুব্বিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। উভয় পক্ষের মতামত বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইজতেমার স্থান প্রসঙ্গে তিনি বলেন, উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের দাবি জানিয়েছে। অতীতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাদপন্থীদের টঙ্গী ময়দানে ইজতেমা না করার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল। তবে সাদপন্থী প্রতিনিধিরা ওই সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত জানিয়ে টঙ্গী ময়দানে ইজতেমা আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

সাদপন্থী প্রতিনিধিরা দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে সময়ের ব্যবধান রেখে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে আগমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বিগত সময়ের তুলনায় দেশের অপরাধ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার কমেছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ চলছে। পুলিশের গোয়েন্দা মনিটরিং ব্যবস্থাও সক্রিয় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। এ সময় স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলীগ জামাতের সাদপন্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তাবলীগ জামাতের জুবায়েরপন্থী প্রতিনিধিরা অংশ নেন।