রেজাউল হক : কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকতার আইনগত দিক, পেশাগত নৈতিকতা, মানবাধিকার, তথ্যের গোপনীয়তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক। তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই-বাছাই, সাংবাদিকতার আইনগত সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা এবং মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভায় জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সহনশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পেশাগত ও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) আব্দুল্লাহ-আল-মামুন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সান্টু এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনগত সচেতনতা এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদারের আহ্বান জানানো হয়।
কুড়িগ্রাম
Muktomon/TA