সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, অপেক্ষায় নগরভবন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুক্তমন রিপোর্ট : শাহজালালের শহরে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট সার্কিট হাউজে পৌঁছে সেখানে অবস্থান করছেন তিনি।
এর আগে নির্ধারিত সময়ের ১২ মিনিট পর সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমদাদ আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যাওয়ার পথে বিমানবন্দর সড়কের বিভিন্ন পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ও কিনব্রিজসংলগ্ন এলাকায় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতিও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
সার্কিট হাউজে অবস্থান শেষে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন।
পরে বিকেল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

Muktomon/TA