মুক্তমন রিপোর্ট : ইরানের ওপর আর্থিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ অভিযানে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বেসেন্ট বলেন, ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে এই অভিযানে যুক্ত হয়েছে। ইরানের বিরুদ্ধে ইউরোপীয় জোটের ‘দৃঢ় ও আগাম অবস্থানের’ জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ বলেও জানান তিনি।
বেসেন্ট বলেন, ইরান সরকার যাতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যবহার করে তাদের পারমাণবিক কর্মসূচি, অস্ত্র কর্মসূচি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমে অর্থায়ন করতে না পারে, সে লক্ষ্যেই যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করছে।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইরানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। ইরানের অবশিষ্ট আর্থিক সংযোগগুলো বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত থাকবে।
তিনি বলেন, ইরানের অবশিষ্ট সব আর্থিক পথ বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান থামবে না।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ উদ্যোগে ইইউর যোগদান ইরানের বিরুদ্ধে সমন্বিত অর্থনৈতিক চাপ আরও জোরদারের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ইরানের প্রবেশাধিকার সীমিত করার প্রচেষ্টা আরও বিস্তৃত হতে পারে।