হুথিদের স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনে ১৩ বিমান অভিযান

ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান চালাচ্ছে সেনাবাহিনী
ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান চালাচ্ছে সেনাবাহিনী

মুক্তমন রিপোর্ট : ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় এসব অভিযান চালানো হয়।

ইয়েমেনি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় আল-বায়দা প্রদেশের আল-শারিয়াহ, ধি নাইম, আল-বায়দা ও আল-সাওয়াদিয়াহ এবং দক্ষিণাঞ্চলীয় আল-ধালে প্রদেশে এসব বিমান অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর দাবি, অভিযানে হুথিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ লঞ্চার, কমান্ড সেন্টার, সামরিক যানবাহন এবং সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া আল-ধালে প্রদেশে হুথি বাহিনীর একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নাসা পর্বতে থাকা একটি থার্মাল নজরদারি ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি বিমানবাহিনী।

এর আগে রোববার হুথিদের কাছ থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর তাইজ এবং লোহিত সাগরের উপকূলবর্তী আল হুদায়দা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে ইয়েমেনের সেনাবাহিনী। ওই সংঘর্ষে ২০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হুথি বিদ্রোহীরা দ্রুত দেশটির বিস্তীর্ণ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ২০১৫ সালে তারা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান।

এরপর হাদির নেতৃত্বাধীন সরকারকে পুনর্বহাল করতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের ফলে দেশটি কার্যত বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে পড়ে।

বর্তমানে ইয়েমেনের বিভিন্ন অঞ্চল হুথি বাহিনী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত শক্তিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি)-এর অনুগত।

সাম্প্রতিক সময়ে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যে ইয়েমেনি সেনাবাহিনী নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে। ইরানের ওপর চলমান চাপ ও আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনকে কাজে লাগিয়ে হুথিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।