মুক্তমন রিপোর্ট : বিশ্বকাপের পর নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়নি ব্রাজিল। তবে শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানে ড্র করে হার এড়িয়েছে কার্লো আনচেলত্তির দল। টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে নাটকীয়তায় ভরা লড়াইয়ে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কেউ। বিরতির ঠিক আগে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ব্রাজিল। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে এস্তেভাও বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। বল দখলেও এগিয়ে ছিল তারা। কিন্তু ৬৮তম মিনিটে নেস্তোরি ইরানকুন্দার গোলে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
গোল হজমের পর একাধিক পরিবর্তন এনে আক্রমণ আরও জোরদার করেন আনচেলত্তি। ডগলাস লুইজ, স্যামুয়েল লিনো, পেদ্রো, মাউরো জুনিয়র ও রায়ানকে মাঠে নামানো হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে রায়ানের গোলে সমতায় ফেরে ব্রাজিল।
এর আগে বিশ্বকাপের পর নতুন চক্রের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে ছিলেন হুগো সুজা, মাতেউজিনহো, মারকুইনহোস, ভিতোর রেইস, দগলাস সান্তোস, দানিলো, ব্রুনো গিমারায়েস, এস্তেভাও, রাফিনিয়া, এন্ড্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।
Muktomon/TA