‘চিরকুট’ সিনেমায় প্লেব্যাকে অভিষেক মেহেদী সরকারের

‘চিরকুট’ সিনেমার ‘রঙিলা আসমান’ গানের দৃশ্যে মেহেদী সরকার।
‘চিরকুট’ সিনেমার ‘রঙিলা আসমান’ গানের দৃশ্যে মেহেদী সরকার।

মুক্তমন রিপোর্ট : ছোটবেলা থেকেই গানের সঙ্গে পথচলা মেহেদী সরকারের। সংগীতে স্নাতক শেষ করে টেলিভিশন ও বেতারে নিয়মিত গান করছেন তিনি। এবার মুনতাসির আকিবের সিনেমা ‘চিরকুট’-এ গান গেয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে অভিষেক হলো তাঁর। প্রথম গান ‘রঙিলা আসমান’ প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছেন মেহেদী।

দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘চিরকুট’ সিনেমাটি। এতে ‘রঙিলা আসমান’ গানে মেহেদীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাকিবা ঐশী।

গানটির কথা লিখেছেন কিঙ্কর আহসান। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী সরকার নিজেই। কোরাসে কণ্ঠ দিয়েছেন নাহিয়া কলি, এলিন উল্কা, হাবিবুর রহমান, রিয়াজ উদ্দিন শাহেদ ও তূর্য নন্দী। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং সাউন্ড ডিজাইনে ছিলেন জেএইচ মুন্না।

প্রথম প্লেব্যাক নিয়ে উচ্ছ্বসিত মেহেদী। তবে এই অর্জনের মুহূর্তে মায়ের অনুপস্থিতি তাঁকে ব্যথিত করছে। মেহেদী বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, কণ্ঠশিল্পী হবো। সেই স্বপ্নের পথেই হেঁটে চলেছি। এ পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। কিন্তু প্রথম প্লেব্যাক আমার মা শুনে যেতে পারলেন না। আজ মা বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন মেহেদী। বর্তমানে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করছেন। নিজের স্টুডিওতেও গান নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর।

‘চিরকুট’ সিনেমায় আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, সুমন পাটোয়ারি, কাজী নওশাবা আহমেদ, সিয়াম নাসির ও আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

Muktomon/TA