তিতুমীর কলেজে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন

 তিতুমীর কলেজ মাঠে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ।
তিতুমীর কলেজ মাঠে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ।

মুক্তমন রিপোর্ট : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৪০০ নবীন শিক্ষার্থী অংশ নেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে ছাত্র, শ্রমিক, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তবে একটি গোষ্ঠী এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, নিজেদের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে। নৈতিকতা ও আদর্শ বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রয়োজনীয় ও ইতিবাচক বিষয় গ্রহণের পরামর্শও দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনে নগর প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনা করেন। তাঁর অভিযোগ, কাদের নিয়োগ দেওয়া হবে, তা আগে জানানো হয়নি এবং অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা দেওয়া হয়েছে।

অনুষ্ঠান আয়োজনের বিষয়ে কলেজ প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তির সমালোচনা করে আসিফ আব্দুল্লাহ বলেন, অনুষ্ঠানটি বাধাগ্রস্ত করতে কলেজ প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবীনবরণ আয়োজনের ওপর কলেজ প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পরও ছাত্রশিবিরের তিতুমীর কলেজ শাখা অনুষ্ঠানটির আয়োজন করে। এতে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। তবে এ বিষয়ে কলেজ প্রশাসনের বক্তব্য বা পরবর্তী পদক্ষেপের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি সোহেল রানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাবলিক রিলেশন সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েমসহ মহানগর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা।

Muktomon/TA