প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চুয়েট সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ।
চুয়েট সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ।

চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অপসারণ এবং সাবেক উপাচার্য ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি সরকার বিবেচনায় নিচ্ছে না। পাশাপাশি গবেষণা তহবিল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংকট সমাধানে বর্তমান উপাচার্যকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

এর আগে সংকটের সমাধান না হওয়ায় বুধবার রাতে আবারও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। এর মধ্যেই নতুন করে কমপ্লিট শাটডাউন ও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

Muktomon/TA