জামালপুর জেলা আ.লীগ নেতা শাহীনুজ্জামান উত্তরায় গ্রেপ্তার

জামালপুর জেলা আ.লীগ নেতা শাহীনুজ্জামান উত্তরায় গ্রেপ্তার

মুক্তমন রিপোর্ট : রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২২ নম্বর সড়কের ৫৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানা পুলিশ এ অভিযান চালায়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শাহীনুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। ওই মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি। অপহরণের ঘটনাটি রাজধানীর উত্তরা ক্লাবের পাশে ঘটেছিল বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

ডিসি মির্জা তারেক আহমেদ বেগ আরও বলেন, জিজ্ঞাসাবাদে শাহীনুজ্জামান জানিয়েছেন, তিনি উত্তরায় ব্যবসা করতেন এবং তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে তিনি অবগত ছিলেন না। তবে তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এদিকে, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানিয়েছেন, গ্রেপ্তার শাহীনুজ্জামানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে।

এস এম শাহীনুজ্জামান শাহীন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।