নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে সড়ক, রেল, মেট্রোরেল ও বিমান যোগাযোগের অন্তত ১০টি বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বা পরিকল্পনায় রয়েছে। এসব প্রকল্প চালু হলে যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা থাকলেও নির্মাণকাজের দীর্ঘসূত্রতা, যানবাহনের বাড়তি চাপ এবং সমন্বিত পরিকল্পনার অভাবে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিমানবন্দর এলাকার বর্তমান সড়কেই প্রতিদিন তীব্র যানজট তৈরি হচ্ছে। এর মধ্যে একাধিক বড় প্রকল্প একই এলাকায় যুক্ত হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। কোনো প্রকল্পের কাজ শেষ হয়েছে, কোনোটি চলমান, আবার কিছু প্রকল্প এখনো পরিকল্পনা বা সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কয়েকটি প্রকল্পের বাস্তবায়নকাল ২০৪৫ সাল পর্যন্ত গড়াতে পারে।
বিমানবন্দরকেন্দ্রিক এসব প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ (উত্তর), ঢাকা-গাজীপুর বিআরটি করিডরের পরিবর্তে ছয় লেনের সড়ক নির্মাণ, ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন, টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন, বিমানবন্দর রেলস্টেশনকে কেন্দ্র করে মাল্টিমোডাল হাব এবং বিমানবন্দর এলাকার সম্ভাব্য আন্ডারপাস।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী থেকে বিমানবন্দরের কাওলা পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর একটি শাখা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে। কাওলায় এই উড়াল সড়কের শেষ প্রান্ত থেকেই শুরু হবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পটি কাওলা থেকে আবদুল্লাহপুর, আশুলিয়া ও বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে, গাজীপুর-টঙ্গী-বিমানবন্দর করিডরের বিআরটি প্রকল্প বাতিল করে সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন-১ এবং হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল লাইন-৫ (উত্তর) চালু হলে এই এলাকার যাত্রী চলাচল আরও বাড়বে। পাশাপাশি ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন এবং টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইন নির্মাণের কাজ চলছে।
বিমানবন্দর রেলস্টেশনকে কেন্দ্র করে রেল, মেট্রোরেল, বাস ও বিমানবন্দরের মধ্যে যাত্রী স্থানান্তরের সুবিধা দিতে মাল্টিমোডাল হাব তৈরির পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া বিমানবন্দর গোলচত্বরের আশপাশে টার্মিনাল, রেলস্টেশন, মেট্রোরেল ও বাসের মধ্যে সংযোগ স্থাপনে প্রায় ৬২০ মিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণের পুরোনো পরিকল্পনা রয়েছে। তবে এটির বর্তমান অনুমোদন ও বাস্তবায়ন অবস্থা নিশ্চিত নয়।
যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সমীক্ষা অনুযায়ী, ২০৩৫ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচলের চাহিদা দাঁড়াতে পারে ২ কোটি ৪৮ লাখ ৫২ হাজারে, যা বর্তমান সময়ের দ্বিগুণেরও বেশি। তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে এই বাড়তি যাত্রীচাপ বিমানবন্দরের বাইরের সড়কেও প্রভাব ফেলবে।
একই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হলে ঢাকার বাইরের যানবাহনের চাপও বিমানবন্দর এলাকায় বাড়তে পারে। আবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে দুটি উড়াল মহাসড়কের যানবাহন ওঠানামার মুখ এবং নিচের সড়কের সংযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
জাইকার সমীক্ষায় আরও বলা হয়েছে, ২০৩৫ সালে মেট্রোরেল লাইন-১-এর ব্যস্ততম অংশে প্রতি ঘণ্টায় একদিকে সর্বোচ্চ প্রায় ৪৭ হাজার ৯৭০ জন যাত্রীর চাহিদা তৈরি হতে পারে। লাইন-৫ (উত্তর) পথে একই সময়ে ব্যস্ততম অংশে প্রতি ঘণ্টায় একদিকে প্রায় ২৮ হাজার ৬০০ যাত্রী চলাচলের চাহিদা থাকতে পারে।
লাইন-৫ সরাসরি বিমানবন্দর পর্যন্ত না গেলেও নতুন বাজারে লাইন-১-এর সঙ্গে যুক্ত হবে। এতে বিমানবন্দর থেকে গুলশান, বনানী, মিরপুর, গাবতলী ও হেমায়েতপুরের দিকে যাতায়াতের সুযোগ বাড়বে। তবে মেট্রোরেল স্টেশন থেকে বিমানবন্দর টার্মিনাল, রেলস্টেশন ও সড়কে যাত্রী স্থানান্তরের কার্যকর ব্যবস্থা না থাকলে এসব প্রকল্পের সুফল সীমিত হতে পারে।
সমন্বিত পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের
যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামছুল হক মনে করেন, বিমানবন্দর এলাকার আশপাশে জনবসতি ও শিল্পাঞ্চল বাড়লেও সড়কের ধারণক্ষমতা সেই অনুপাতে বাড়ছে না। তাঁর আশঙ্কা, বিকল্প রিং রোড না থাকায় সব প্রকল্প চালু হলে বড় ধরনের বিপর্যয় তৈরি হতে পারে।
তিনি বলেন, বিমানবন্দরের সামনের সড়কটি আশপাশের সব অবকাঠামোর মেরুদণ্ড। এটি শক্তিশালী না করলে পুরো যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। সব প্রকল্প চালু হলে যানবাহন ও মানুষের চলাচল কতটা বাড়বে এবং তা বিদ্যমান সড়ক ধারণ করতে পারবে কি না, কেন্দ্রীয় সমীক্ষার মাধ্যমে তা যাচাই করা প্রয়োজন।
নগরবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতার মাহমুদও সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, বিমানবন্দর এলাকা সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। ফলে এখানে উড়াল, সমতল ও পাতাল— তিন স্তরের যোগাযোগব্যবস্থাকে সমন্বিতভাবে কাজে লাগানোর পরিকল্পনা প্রয়োজন।
তিনি বলেন, প্রকল্পগুলোর মধ্যে যথাযথ সমন্বয় করা গেলে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে এবং যাতায়াত সহজ হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অবকাঠামোর সংযোগ ও ব্যবহার নিয়ে সরকারকে সমন্বিতভাবে পরিকল্পনা করতে হবে।
সরকারের আশ্বাস, পরিকল্পনা আছে ২০৪৫ সাল পর্যন্ত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম মনে করেন, প্রকল্পগুলো চালু হলে বিমানবন্দর এলাকার যানজট পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বর্তমান গোলচত্বরের চিত্র অনেকটাই বদলে যাবে। এ ছাড়া বিকল্প পরিকল্পনাও সরকারের ভাবনায় রয়েছে। ফলে বড় ধরনের জটিলতা তৈরি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান জানান, ২০৪৫ সাল পর্যন্ত পরিবহন খাতের সমন্বিত মহাপরিকল্পনা রয়েছে। ওই পরিকল্পনার নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা হলে সমস্যা হওয়ার কথা নয়। তবে বাস্তবে মূল পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত না হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
বিশেষজ্ঞদের মতে, শুধু উড়াল সড়ক, মেট্রোরেল কিংবা রেললাইন নির্মাণ করলেই বিমানবন্দর এলাকার যানজট কমবে না। এসব অবকাঠামোর সঙ্গে পর্যাপ্ত সংযোগ সড়ক, ফুটপাত, পথচারী পারাপারের ব্যবস্থা, বাস থামার স্থান এবং যাত্রী ওঠানামার নির্ধারিত জায়গা নিশ্চিত করতে হবে। তা না হলে একদিকে নতুন অবকাঠামো চালু হবে, অন্যদিকে একই এলাকায় যানজট ও মানুষের ভিড় আরও বাড়তে পারে।