মকবুল হোসেন : ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) এ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার্থীরা ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA