শিক্ষার্থীদের সৎ ও দেশপ্রেমিক মানুষ হওয়ার আহ্বান মীর হেলালের

হাটহাজারীতে নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।
হাটহাজারীতে নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।

মুক্তমন রিপোর্ট : শিক্ষার উদ্দেশ্য কেবল জিপিএ বা ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারীতে নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে।

শিক্ষকদের জাতি গঠনের কারিগর উল্লেখ করে তিনি বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষকদের অন্যতম দায়িত্ব। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়া এবং সবার মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও আত্মগঠনের বিকল্প নেই। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় থেকে দূরে থেকে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের বিষয়ে মীর হেলাল বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

সভায় প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে শিক্ষার্থীদের আদর্শ, সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Muktomon/TA