মুক্তমন রিপোর্ট : মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতা ‘৮ম ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE) ২০২৬’-এ স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘অবসিডিয়ান প্রাইম’ (Obsidian Prime)। অ্যাডভান্সড মেরিন ইঞ্জিনিয়ারিং ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘অটোনোমাস আন্ডারওয়াটার রোবট—ডেপথগার্ড’ (DepthGuard) প্রদর্শন করে আইটি ও রোবোটিক্স (IT & Robotics) বিভাগে এ সাফল্য অর্জন করে দলটি।
২০ থেকে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ার SEGi University-তে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৩১টি দেশের ৪০০টিরও বেশি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘অবসিডিয়ান প্রাইম’।
দলটির নেতৃত্ব দেন মোহাম্মদ সিফাত। দলের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ রিফাত ও জান্নাতুল রাহিমা জেদনী। পুরো প্রতিযোগিতার প্রস্তুতি ও যাত্রায় তাঁদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
দলটির এ সাফল্যের পেছনে দেশের রোবোটিক্স প্ল্যাটফর্ম ‘ড্রিমস অব বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি উদ্ভাবকদের স্বপ্ন বাস্তবায়নের যাত্রায় অংশীদার হিসেবে ছিল শাহ সিমেন্ট।
আন্ডারওয়াটার রোবট ‘ডেপথগার্ড’ প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত উদ্ভাবন ও কারিগরি দক্ষতার সক্ষমতাকে তুলে ধরেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও রোবোটিক্সে নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে।