ইতালির ইউনিভার্সিটি অব পাদুয়ায় ভর্তির সুযোগ পেলেন নোবিপ্রবির তরিকুল

ইউনিভার্সিটি অব পাদুয়ায় মাস্টার্সের সুযোগ পাওয়া তরিকুল ইসলাম হিরু
ইউনিভার্সিটি অব পাদুয়ায় মাস্টার্সের সুযোগ পাওয়া তরিকুল ইসলাম হিরু

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ESDM) বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম হিরু ইতালির ঐতিহ্যবাহী University of Padua (Università degli Studi di Padova)-তে পরিবেশ প্রকৌশল বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগ পেয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও নিজ এলাকার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

তরিকুল ইসলাম হিরু পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ নম্বর বড়মাছুয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত ডাক্তার মো. নুরুল ইসলাম এবং মা ছাহেরা বেগম গৃহিণী। পাঁচ ভাইয়ের মধ্যে তরিকুল সবার ছোট। তাঁর বড় ভাইয়েরাও উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

শৈশব থেকেই মেধাবী তরিকুলের শিক্ষাজীবন শুরু হয় শরণখোলা পাইলট উচ্চ বিদ্যালয়ে। বাবার কর্মস্থল শরণখোলা থানায় হওয়ায় সেখানেই তাঁর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সময় কাটে।

প্রাথমিক শিক্ষাজীবনেই মেধার স্বাক্ষর রাখেন তিনি। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের পর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

পরবর্তীতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানায় উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি হন তরিকুল। সেখানেও কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হন।

শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের পথ ধরে এবার ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পাদুয়ায় পরিবেশ প্রকৌশল বিষয়ে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন তিনি।

একাডেমিক সাফল্যের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু বিষয়েও সক্রিয় তরিকুল ইসলাম হিরু। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পরিবেশবাদী কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, তরুণদের অংশগ্রহণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তিনি।

তরিকুলের নিজ উদ্যোগে পরিচালিত Green Climate Initiative (GCI)-এর কার্যক্রমের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। সংগঠনটির ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

GCI-এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি এবং তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করা হচ্ছে।

শিক্ষাজীবনের পাশাপাশি পরিবেশ ও জলবায়ু নিয়ে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তাঁর উচ্চশিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ প্রকৌশলে উচ্চশিক্ষা সম্পন্ন করে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন তরিকুলের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

ইউরোপের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে তরিকুল ইসলাম হিরুর ভর্তির সুযোগ পাওয়ার খবরে মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউনিয়নসহ পিরোজপুরের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, মঠবাড়িয়ার একজন তরুণের ইউরোপের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। তাঁর এই সাফল্য এলাকার তরুণদের উচ্চশিক্ষায় আগ্রহী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।

স্বজন ও এলাকাবাসীর মতে, মেধা, অধ্যবসায় এবং পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করার আগ্রহ তরিকুলকে এগিয়ে যেতে সহায়তা করেছে। ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ তাঁর সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে।

তরিকুল ইসলাম হিরুর স্বজন ও এলাকাবাসী তাঁর আরও সাফল্য কামনা করেছেন। পাশাপাশি উচ্চশিক্ষা শেষে তিনি দেশ ও মানুষের কল্যাণে এবং বিশেষ করে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

Muktomon/TA