মহেশপুরে নজরুলের কবিতার নান্দনিক মঞ্চায়ন

মহেশপুরে নজরুলের কবিতার নান্দনিক মঞ্চায়ন

মুক্তমন রিপোর্ট : নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে তিন দিনব্যাপী কর্মশালার মাধ্যমে বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে মঞ্চের ভাষায় রূপ দেওয়া হয়েছে। অভিনয়, আবৃত্তি, সংগীত ও শরীরী অভিব্যক্তির সমন্বয়ে কবির অমর সৃষ্টিকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয় ‘বিদ্রোহী নজরুল’ শীর্ষক এই কর্মশালাভিত্তিক প্রযোজনায়।

রোববার বিকেলে মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে মহেশপুর শিশু থিয়েটার ও বনলতা নাট্য সংসদের যৌথ আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুকুট মেহেদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্কৃতিজন এ.টি.এম. খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সুন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহেশপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চায়না পারভীন।

এ ছাড়া স্থানীয় সংস্কৃতিজন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনলতা নাট্য সংসদের সভাপতি রুবিনা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক পথিক শহিদুল।

‘বিদ্রোহী নজরুল’ প্রযোজনায় কবির বিদ্রোহী চেতনা, মানবমুক্তির আকাঙ্ক্ষা, সাম্য, অসাম্প্রদায়িকতা, প্রেম ও সৌন্দর্যের দর্শন তুলে ধরা হয়। শিশু ও তরুণ শিল্পীরা অভিনয়, আবৃত্তি, সংগীত ও শরীরী অভিব্যক্তির মাধ্যমে কবিতাগুলোকে প্রচলিত আবৃত্তির বাইরে ভিন্নধর্মী মঞ্চ পরিবেশনায় উপস্থাপন করেন।

নজরুলের কবিতাকে শুধু আবৃত্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে মঞ্চের দৃশ্যভাষা, অভিনয় এবং শরীরী অভিব্যক্তির মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করাই ছিল প্রযোজনাটির অন্যতম বৈশিষ্ট্য। শিশু ও তরুণ শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, চেতনা ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সৃজনশীল সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কবির বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার দর্শন শিশু-কিশোরদের শিল্পচর্চার সঙ্গে যুক্ত হলে ইতিবাচক সাংস্কৃতিক চেতনা বিকাশের সুযোগ তৈরি হবে।

আয়োজকরা জানান, নজরুলের বিদ্রোহ, মানবতা ও সাম্যের দর্শনকে নতুন প্রজন্মের শিল্পচর্চার সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই ‘বিদ্রোহী নজরুল’ প্রযোজনাটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও কর্মশালা ও মঞ্চায়নের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পী, প্রশিক্ষক, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।