মুক্তমন রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব ধরনের সংবাদ কাভার না করার ঘোষণা দিয়েছে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠন।
সোমবার (৫ অক্টোবর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি মীর কাদির বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা অজ্ঞাতনামা মামলার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মূল অভিযুক্তদের নাম মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মীর কাদির বলেন, দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিন সময় চেয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রশাসনের কোনো কর্মসূচি সাংবাদিক সংগঠনগুলো কাভার করবে না।
এর আগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার এবং অ্যাকাডেমিক বহিষ্কারের দাবিতে সন্ধ্যা থেকে প্রশাসন ভবন ঘেরাও করেন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। পরে উপাচার্য ও উপ-উপাচার্যরা প্রশাসনিক ভবনে গিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন বলে জানা যায়।
সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রশাসনিক সংবাদ বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে।
Muktomon/TA