সারাদেশ

যশোরের বেনাপোল সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ-ইন চেষ্টা, জিরো লাইনে অবস্থান

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে তারা বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার বোম্বে তলা সংলগ্ন খড়ের মাঠে ভারত-বাংলাদেশ জিরো লাইনে অবস্থান করছে।

সোমবার (১ জুন) গভীর রাতে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে বিজিবি। তবে বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বিজিবি সূত্র জানায়, গভীর রাতে সাদিপুর সীমান্ত এলাকায় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাদের আটকে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএসএফের ঠেলে পাঠানো নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১০ জন বর্তমানে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও জাতীয়তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হবে।

সীমান্তে এ ধরনের ‘পুশ-ইন’ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিজিবি পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button