বীরগঞ্জে শালবনে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের একটি শালবন থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার বেলতলী বাজার সংলগ্ন শালবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল রানা উপজেলার পূর্ব ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে ভোগডোমা গ্রামের কয়েকজন ব্যক্তি লিচু সংগ্রহের উদ্দেশ্যে বেলতলী শালবাগানে গেলে একটি শালগাছে ঝুলন্ত অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামকে জানানো হলে তিনি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।



