ইউআরসি ২০২৬-এ বিশ্বে তৃতীয়, এশিয়ায় প্রথম ইউআইইউ মার্স রোভার টিম


নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ অংশ নিয়ে বিশ্বে তৃতীয় এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) মার্স রোভার টিম। এ অর্জনকে বাংলাদেশের রোবোটিক্স ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইউআইইউর সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স (সিএআইআর) পরিচালিত দলটি যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি আয়োজিত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে। গত ২৭ থেকে ৩০ মে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের হ্যাঙ্কসভিলে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে (এমডিআরএস) চার দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিবেশে কার্যক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং—এই চারটি গুরুত্বপূর্ণ মিশনে অংশ নিতে হয়। ইউআইইউ মার্স রোভার টিম সফলভাবে সব মিশন সম্পন্ন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখে।
চূড়ান্ত ফলাফলে ইউআইইউ মার্স রোভার টিম ৪০০ দশমিক ৪৪ পয়েন্ট অর্জন করে বিশ্বসেরা দলগুলোর মধ্যে তৃতীয় স্থান লাভ করে। একই সঙ্গে দলটি ‘বেস্ট অটোনোমাস সিস্টেম’ স্বীকৃতিও অর্জন করে। প্রতিযোগিতায় ৪৬৯ দশমিক ৫৭ পয়েন্ট পেয়ে যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মার্স রোভার ডিজাইন টিম চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার ৪১২ দশমিক ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে।
আয়োজক সূত্রে জানা যায়, এ বছর বিশ্বের ১১৬টি বিশ্ববিদ্যালয় দল প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশ নেয়। কঠোর মূল্যায়ন প্রক্রিয়া শেষে মাত্র ৩৮টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, পোল্যান্ড, ভারত, মেক্সিকো ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় দল গ্র্যান্ড ফাইনালে অংশ নেয়।
বিশেষ তাৎপর্যের বিষয় হলো, অন-সাইট ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ২০ বছরের ইতিহাসে ইউআইইউ মার্স রোভার টিম প্রথম এশীয় দল হিসেবে প্রতিযোগিতার পোডিয়ামে স্থান করে নিয়েছে। পাশাপাশি দলটি ২০২২ সাল থেকে টানা পাঁচ বছর এশিয়ার সেরা রোভার দলের স্বীকৃতি ধরে রেখেছে।
দলের পরামর্শক হিসেবে ছিলেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. সুমন আহমেদ। মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন।
বিশ্বমানের রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় ব্যবস্থা, এমবেডেড সিস্টেম ও মেকানিক্যাল ডিজাইনে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ইউআইইউ মার্স রোভার টিম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সাফল্য দেশের তরুণ গবেষক ও প্রযুক্তি উদ্ভাবকদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।



