আমরা কোনো অন্যায় করব না, অন্যায়কারীকে প্রশ্রয়ও দেব না: কুর্মিটোলায় এস এম জাহাঙ্গীর


মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “আমরা নিজেরা কোনো অন্যায় করব না, আবার কোনো অন্যায়কারীকে প্রশ্রয়ও দেব না।” তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে সততা, শৃঙ্খলা ও ন্যায়ের পথে থাকার আহ্বান জানান।
বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কুর্মিটোলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ লোকারণ্য হয়ে ওঠে।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, কুর্মিটোলা এলাকায় একটি সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেবো। পাশাপাশি দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত হয়েছে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সবাই ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ধানের শীষে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, কফিল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খিলক্ষেত থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।



