মিরপুরে গণসংস্কৃতি পরিষদে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান


কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন গণসংস্কৃতি পরিষদের উদ্যোগে দুই শতাধিক নতুন নেতাকর্মীর যোগদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার কালিকাপুর ধুবাইল এলাকার মিজান মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংস্কৃতি পরিষদের খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ডা. এস. এম. সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ তিয়াস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান, যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জিলহজ খান, শ্রমিক অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিলন মালিথা, শ্রম অধিকার পরিষদের সভাপতি বিপ্লব হোসেন এবং গণসংস্কৃতি পরিষদ মিরপুর উপজেলা শাখার সভাপতি সোহেল আহমেদ।
বক্তারা বলেন, সংস্কৃতিচর্চা সমাজকে ইতিবাচক ধারায় পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। তারা গণঅধিকার পরিষদের আদর্শ বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নতুন নেতাকর্মী গণসংস্কৃতি পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
যোগদান অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৌকির আহমেদ, খন্দকার মিনহাজুল হক পাপ্পু, মো. ইমরান আলী ও মো. সাকিব হোসেন।



