সারাদেশ

ঈদের আগে শুরু হচ্ছে দেশের ৬৩ জেলায় খাল খনন কর্মসূচি

মুক্তমন রিপোর্ট :

ঢাকা, ৫ মার্চ ২০২৬: দেশের নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি কার্যকর করতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।

সভায় জানানো হয়, ঈদের আগেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল উদ্বোধন করা হবে। একই সাথে ৬৩ জেলায় মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা খাল খনন উদ্বোধন করবেন।

উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন এবং এটি বিপ্লবের রূপ নিয়েছিল। খাল খননকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় দেশের সেচ ব্যবস্থায় অভাব এবং জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ বেড়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করে খাল খনন কর্মসূচি দৃশ্যমান ও কার্যকর করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন কর্মসূচি মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে। ১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ সাইদুর রহমান খান, স্থানীয় সরকার সচিব মোঃ শহীদুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্ল্যাহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button