দাগনভূঞার উন্নয়নে পদের চেয়ে একজন নাগরিক হিসেবে সেবাকেই প্রাধান্য দেবো: আব্দুল আউয়াল মিন্টু


বিশেষ প্রতিনিধি(ফেনী): ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, এলাকার উন্নয়নের জন্য কোনো বিশেষ পদমর্যাদা বড় কথা নয় বরং এই মাটির সন্তান এবং একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি আজীবন দাগনভূঞার মানুষের সেবা করে যেতে চান।দাগনভূঞা উপজেলা অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় আব্দুল আউয়াল মিন্টু উপজেলার সার্বিক উন্নয়ন চিত্র ও জননিরাপত্তা নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ।
মন্ত্রী তার বক্তব্যে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “জনগণ আমাদের সেবক হিসেবে দেখতে চায়। সরকারি প্রতিটি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে। আমি মন্ত্রী হিসেবে নয়, আপনাদেরই একজন প্রতিবেশী হিসেবে এই উপজেলার সমৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।
আতাতুর্ক হাই স্কুল মাঠে বিশাল ইফতার মাহফিল
প্রশাসনিক সভা শেষে দাগনভূঞার ঐতিহাসিক আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলটি দল-মত নির্বিশেষে স্থানীয় জনগণের এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতারের পূর্বে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা যেন সবাই মিলে একটি আধুনিক ও শান্তিময় দাগনভূঞা গড়ে তুলতে পারি।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ইফতারে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি এবং দাগনভূঞার মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতারের পর তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা শোনেন।
উল্লেখ্য, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন আব্দুল আউয়াল মিন্টু। আজকের এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল তারই ধারাবাহিকতায় জনসম্পৃক্ততা বাড়ানোর একটি বিশেষ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।



