অন্যান্য

ভেনিসে ‘বায়তুল মামুর’ মসজিদ উচ্ছেদের নির্দেশ, বিপাকে বাংলাদেশি মুসল্লিরা

মুক্তমন রিপোর্ট : ইতালির ভেনিস শহরের মেস্ত্রে এলাকায় অবস্থিত ‘বায়তুল মামুর’ মসজিদ বন্ধ ও উচ্ছেদের চূড়ান্ত নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে বিপাকে পড়েছেন সেখানে বসবাসরত হাজারো বাংলাদেশি মুসল্লি।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মেস্ত্রের লিংহিনদাল রোডে অবস্থিত এই প্রার্থনালয়টি মূলত একটি সাবেক বাণিজ্যিক স্থাপনায় গড়ে তোলা হয়েছিল। তবে অনুমোদিত ব্যবহার ছিল বাণিজ্যিক উদ্দেশ্যে, সেখানে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করায় আইনগত জটিলতা তৈরি হয়।

তদন্ত শেষে Comune di Venezia এবং ভবন নির্মাণ বিভাগ Sportello Unico Edilizia জানিয়েছে, স্থাপনাটিতে বড় ধরনের কাঠামোগত ও আইনি অনিয়ম রয়েছে, যা এটিকে ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহারের অনুপযোগী করে তুলেছে।

শুধু ‘বায়তুল মামুর’ মসজিদ নয়, একইসঙ্গে মারঘেরা ও মেস্ত্রে এলাকায় আরও কয়েকটি ইসলামিক সেন্টারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে মারঘেরার পাওলুচ্চি রোডের ‘বাংলাদেশ ইসলামিক কালচারাল সেন্টার’ এবং পিয়াভে রোডের একটি অস্থায়ী মসজিদ বন্ধের তালিকায় রয়েছে। প্রশাসনের তথ্যমতে, শহরের প্রায় ১২টি অস্থায়ী ইসলামিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলছে।

এদিকে, দীর্ঘদিন ধরে মারঘেরার একটি পরিত্যক্ত ভবনে স্থায়ী মসজিদ চালুর উদ্যোগ থাকলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি। প্রশাসন জানিয়েছে, যথাযথ অনুমোদন ছাড়া বাণিজ্যিক স্থানে ধর্মীয় কার্যক্রম পরিচালনা আইনত দণ্ডনীয়।

এই সিদ্ধান্তে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে জুমার নামাজে অংশ নেওয়া শত শত মুসল্লির জন্য বিকল্প জায়গার সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা মনে করছেন, ভেনিস প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতে ইতালির অন্যান্য শহরেও একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button