শিক্ষার্থীদের হাতে ফ্রি ল্যাপটপ তুলে দিলো ড্যাফোডিল পলিটেকনিক

ড্যাফোডিল পলিটেকনিকে ২৪ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ কর্মসূচি ২০২৬
ড্যাফোডিল পলিটেকনিকে ২৪ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ কর্মসূচি ২০২৬

মুক্তমন রিপোর্ট : প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দিয়েছে ড্যাফোডিল পলিটেকনিক। প্রতিষ্ঠানের ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচির আওতায় ২০২৬ সালের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থীর হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীতে ড্যাফোডিল পলিটেকনিকের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক (পিআইডব্লিউ) ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, গ্রুপটির কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস এবং উপপরিচালক কে এম পারভেজ ববি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম ফরহাদ।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক শিক্ষা, গবেষণা এবং ব্যবহারিক দক্ষতা অর্জনে ল্যাপটপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান ডিজিটাল বিশ্বে কম্পিউটার ব্যবহারের দক্ষতা শিক্ষাজীবনের অপরিহার্য অংশ। প্রজেক্টভিত্তিক শিক্ষা, অনলাইন গবেষণা, ব্যবহারিক কাজসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে ব্যক্তিগত ল্যাপটপ শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তোলে।

প্রযুক্তির সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে চালু থাকা এই কর্মসূচি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করছে।

Muktomon/TA