জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা

 কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান

মুক্তমন রিপোর্টার : নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাফিজুর রহমান জাহিদ, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সম্পাদক মো. মারুফ হোসেন, মাওলানা আতাউর রহমান, সাবেক আমির মাওলানা কামরুজ্জামান, উপজেলা শাখার নায়েবে আমির হাফেজ রেজুওয়ান হোসেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

এ সময় এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী ৮০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।