সাতকানিয়ার স্কুল কমিটির সভাপতি-প্রধান শিক্ষকের অপসারণ দাবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, স্থানীয় ছাত্র ও অভিভাবক অংশ নেন। এ সময় সাতকানিয়া উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জাকির হোসেন রাব্বি, স্থানীয় ছাত্র-অভিভাবক আবুল হোসেন, ছাত্রনেতা সৌকত ও রিদওয়ানসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, ইসহাককে অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের আগে তার বিরুদ্ধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছিল। তাদের দাবি, ২২ তারিখে অভিযোগ দাখিলের পর ২৪ তারিখে ইসহাককে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগের পর বিতর্কিত নিয়োগ তারা মেনে নেবেন না। তারা সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণের পাশাপাশি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।

পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মহাপরিদর্শক সরোয়ারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে কর্মসূচিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Muktomon/TA