চুয়েটে ভিসি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন এবং নতুন উপাচার্য নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করে তাকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি, প্রজ্ঞাপনে পরিবর্তনের কারণ উল্লেখ করা হয়নি। নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো অবস্থান নেই বলেও তারা জানান।

শিক্ষার্থীরা বলেন, প্রজ্ঞাপন জারির পর থেকেই তারা শাটডাউন, গণ-অবস্থান, বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন। তাদের ভাষ্য অনুযায়ী, আন্দোলনে বিভিন্ন ব্যাচ ও আবাসিক হলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে অংশ নেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবির প্রতি দেশ-বিদেশের বিভিন্ন চুয়েট অ্যালামনাই প্ল্যাটফর্ম সংহতি জানিয়েছে। একই সঙ্গে ঢাকাকেন্দ্রিক একটি অ্যালামনাই সংগঠনের প্রকাশিত বিবৃতি নিয়েও তারা আপত্তি জানিয়েছেন।

এর আগে বুধবার শিক্ষার্থীরা পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জেলা প্রশাসকের কাছে তাদের দাবিসংবলিত স্মারকলিপি দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠানো এবং বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে প্রতিবাদী মশাল মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়।

শিক্ষার্থীরা বলেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন, গণ-অবস্থান, গণস্বাক্ষরসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

Muktomon/TA